রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্পর্কে বলতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘নানান জন নানান কথা বলেন। রাজউকের সঙ্গে একসময় আমার লেনদেন করতে হয়েছে। কিন্তু কখনো তো আমার অতিরিক্ত পয়সা গুনতে হয়নি। রাজউক সম্পর্কে যারা কথা বলেন, তাদের বিষয়টি আমার উপলব্ধিতে নেই। এটা হলো বাস্তবতা।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজউক ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সদস্য, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পত্রিকার নেতিবাচক সমালোচনা সম্পর্কে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘পত্রপত্রিকায় শুধু আপনাদের সম্পর্কে নয়, আমার সম্পর্কেও বিরূপ ধারণা লেখা হয়ে থাকে। পত্রিকায় ভালো খবর ছাপা হয় আবার মন্দ খবরও ছাপা হয়। আমার সম্পর্কে অপতথ্য প্রকাশ করায় দেশের প্রথম শ্রেণির প্রথম পত্রিকাটির বিরুদ্ধে আমার মামলা চলমান রয়েছে।’ তিনি বলেন, ‘আমাকে সাংবাদিকরা বলেছেন, আমার বিরুদ্ধে নিউজ করাতে এখান থেকে (রাজউক) তথ্য সরবরাহ করা হয়েছে। আমি কারও ক্ষতি করেছি বলে আমার জানা নেই। কিন্তু কেউ কেউ আমাকে টার্গেট করে নিউজটি করিয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, এখান থেকে আমার বিরুদ্ধে অপতথ্য সরবরাহ করা হয়েছে। আমার মতো সমস্যা রাজউকের সঙ্গে চলছে কমপক্ষে একডজন। কিন্তু টার্গেট করা হয়েছে শুধু আমাকে।’