রাতের তাপমাত্রা কমতে পারে আরও

সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলাসহ মোট ১২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহীতে ৮.৬, ঈশ্বরদীতে ৯,০, বগুড়ায় ৯.৮, বদলগাছীতে ৭.৫; রংপুর বিভাগের মধ্যে রংপুরে ৮.২, দিনাজপুরে ৭.২, সৈয়দপুরে ৯.০, ডিমলায় ৮.৬, রাজারহাটে ৬.৮ ও খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।