এডেন সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হুতি হামলার বিস্তারিত প্রকাশ

এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেছেন ইয়েমেনের হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া ।  

রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানের বিষয়টি ম্যাসজিং অ্যাপ টেলিগ্রামে বিস্তারিত জানিয়েছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া।

তিনি বলেছেন, ‘বুধবার এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে হুতিদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এ সময় আমরা একটি মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আক্রমণ করতে সক্ষম হয়েছি। দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। এগুলো (ডেস্ট্রয়ার-যুদ্ধজাহাজ) সংশ্লিষ্ট এলাকায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে রক্ষার চেষ্টা করছিল।’

হুতিদের মুখপাত্র আরও বলেন, এই সংঘর্ষকালে একটি মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত লাগে। দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হটতে ও ফিরে যেতে বাধ্য হয়। এদিন দুই ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এতে হুতিরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। যুক্তরাষ্ট্র প্রতিহতের চেষ্টা করলেও হুতিদের কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আক্রমণ করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, হুতিরা লোহিত ও কাছাকাছি সাগরগুলোতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে তারা আক্রমণ করে আসছে। ইতোপূর্বে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ঠেকাতে কয়েকটি দেশ নিয়ে সামরিক নৌ জোট গঠন কর যুক্তরাষ্ট্র। সবশেষ হুতি বিদ্রোহীদের অন্তত ৪ জন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই ঘোষণা দেয় দেশ দুটি।