রমজানে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানি করা হবে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সাথে করা হয়েছে। আগে দেশে চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। শুল্ক যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল-চিনি আসছে।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইলের দেলদুয়ারে বাণিজ্য প্রতিমন্ত্রী তার নিজ বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগসহ সকলের সাথে আলোচনা হয়েছে। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ মজুত আছে। এছাড়াও আগামী তিন মাসের নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত আছে। কেউ মজুত করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার নজরদারি শুরু হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে ৫টি পণ্য দেওয়া হবে।