যুব বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আরিফুল ইসলামের দেখার মতো সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ।
এদিন অবশ্য উদ্বোধনী জুটিটি বড় হয়নি বাংলার যুবাদের। ১৩ রানে আদিল ফিরে গেলে ২৯ রানের জুটি ভাঙে। শিবলী ফেরার আগে করেন ২৭ রান। তারপরই ক্রিজে আসেন আরিফুল। তার সঙ্গে ২৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩৫ রানে আউট হন রিজওয়ান। চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে ১১৫ বলে ১২২ রানের দুর্দান্ত জুটি গড়েন আরিফুল। গত ম্যাচের মতো এ ম্যাচেই ফিফটি বঞ্চিত হন আহরার। এবার ফেরেন ৪৯ বলে ২ চার ও ১ ছয়ে ৪৪ রান করে। তবে অন্যপ্রান্তে ৬৫ বলে ফিফটি তুলে নেন আরিফুল।
ফিফটির পর ৯৯ বলে পৌঁছান ম্যাজিক ফিগারে। আউট হওয়ার আগে করেন ৯ চারে ১০৩ বলে ১০৩ রান। গত বিশ্বকাপেও আরিফুল করেছিলেন দুটো সেঞ্চুরি। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে সেইবার সেঞ্চুরি করেছিলেন আরিফুল।
শেষদিকে শিহাব জেমসের ১৭ বলে ৩১ ও শেখ পারভেজ জীবনের ৭ বলে ১৩ রানের ক্যামিওতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯১ রানে। শেষ ১০ ওভারে বাংলাদেশের ব্যাটাররা তোলেন ৯৪ রান।
যুক্তরাষ্ট্রের আর্য গার্গ ৩টি ও আরিন নাদকার্নি ২টি উইকেট নেন।