ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (৭৫) বর্ধিত প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে তিনি কত দিন হাসপাতালে অবস্থান করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, রাজা তৃতীয় চার্লসকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য গত সপ্তাহেই তিনি বর্ধিত প্রস্টেটের জন্য চিকিৎসা করাবেন বলে জানিয়েছিল বাকিংহাম প্যালেস।
এদিন রাজা তৃতীয় চার্লস হাসপাতালে যাওয়ার সময় রানি ক্যামিলাকেও দেখা যায়। গত সপ্তাহে লন্ডন ক্লিনিক প্রাইভেট হাসপাতালে রাজবধূ কেট মিডলটনের অস্ত্রোপচার হয়েছিল। ধারণা করা হচ্ছে, এদিন নিজের চিকিৎসার আগে হাসপাতালে পুত্রবধূকে দেখতে গিয়েছিলেন তৃতীয় চার্লস।
ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু তৃতীয় চার্লস পুরুষদের তাদের প্রোস্টেট পরীক্ষায় উৎসাহিত করার জন্য তার স্বাস্থ্য সমস্যা জনসমক্ষে প্রকাশ করেন।