বকশিগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আব্দুল্লাহ আল সাফি লিপন (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার দুপুরে বকশিগঞ্জ থানা ওই বিএনপি নেতাকে আদালতে পাঠায় । আব্দুল্লাহ আল সাফি লিপন বকশিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাখিমারা গ্রামের মৃত খলিল মাস্টারের ছেলে।

বকশিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে ২০১৭ সালে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়। তিনি দীর্ঘদিন ওই মামলায় আদালতে হাজিরা না দিলে বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বকশিগঞ্জ থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গ্রেপ্তারকৃত লিপনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।