সড়ক আরও বিশৃঙ্খল

রাজধানী ঢাকায় দিনে দিনে আরও জনপ্রিয় হচ্ছে মেট্রোরেল। স্টেশনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে এখন সময় বাড়িয়ে সকাল থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। ট্রেনের প্রতিটি কামড়ায় যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে।

যাত্রী উপস্থিতির কারণে এখন মেট্রোরেলে বগি বাড়ানোর কথাও চিন্তা করছে কর্তৃপক্ষ। এদিকে মেট্রোরেলে যাত্রী বাড়ার প্রভাব পড়েছে ঢাকার রাস্তায় চলাচলকারী বাসের ওপর। মেট্রোরেলের কারণে প্রতিদিন বাসের যাত্রী কমছে। কিন্তু এর পরও সড়কে শৃঙ্খলা না ফিরে দিনে দিনে আরও বিশৃঙ্খল হয়ে উঠছে।

রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীর আশায় এসব সড়কে চলাচলকারী বাস মোড়ে মোড়ে থামছে এবং যাত্রী টানার চেষ্টা করছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব বাস এমনভাবে থামানো হচ্ছে যেন পেছনের বাসও পাশ কাটিয়ে যেতে না পারে। যাত্রী তুলতেও বাস চালক, হেলপাররা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। এতে করে দিনে দিনে সড়ক আরও বিশৃঙ্খল হয়ে পড়ছে।

যাত্রীর আশায় একদিক দিয়ে বাসগুলো ধীরগতিতে চলছে অন্যদিকে যত্রতত্র বাস থামিয়েও যাত্রী তোলার চেষ্টা করছে।

শাহবাগ এলাকায় কথা হয় বাসযাত্রী আল আমিনের সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, মেট্রোরেলে ভাড়া বেশি হওয়ায় বাসে উঠি। বাসে মিরপুর-১০ থেকে শাহবাগ যেতে আগের মতোই সময় লাগছে। বাস প্রতিটা সিগন্যালেই দাঁড়িয়ে থাকছে এবং যাত্রী ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়তে চায় না। ফলে জ্যাম কিছুটা কমলেও সময় বাঁচাতে পারলাম কই?

বাসের স্টাফ বাবুল মিয়া বলেন, বাসের যাত্রী আগের চেয়ে অনেক কমে গেছে। আগে তো অফিস টাইম ও ছুটির সময় আমাদের বাসে পা ফেলানোর জায়গা থাকতো না, এখন যাত্রী নেই। দিনের অধিকাংশ সময় যাত্রীদের চাপ কম থাকে। ফলে আমরা যাত্রী পেতে স্পীড কমিয়ে দেই, যেখানেই যাত্রী পাই ওঠানোর চেষ্টা করি।