কাল স্বাগতার বিবাহত্তোর সংবর্ধনা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন উপস্থাপিকা, গায়িকা ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। বুধবার (২৪ জানুয়ারি) ড. হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

স্বাগতা জানান, তার হবু স্বামীর নাম হাসান। তিনি একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। তিনি একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

এর আগে অভিনেত্রী বলেছিলেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান স্বাগতা। সেখানেই হাসানের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান তাকে পছন্দ করার বিষয়টি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। এরপরেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার।

স্বাগতার ভাষায়, ‘আমার কাজকে হাসান সবসময় সাপোর্ট করে, এই বিষয়টি আমার মন ছুঁয়ে যায়। সব মিলিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এক হওয়ার। ভেবেছি আমাদের বোঝাপড়া ঠিকঠাক। একসঙ্গে বাকি জীবন পার করা যায়। সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন।’

এর আগে সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।