সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নতুন স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভালো হবে।

এর আগে মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি আলহাজ এসএম আল মামুন, স্বাস্থ্যসচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

এ সময় সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা। আগেও আমরা চেষ্টা করেছি। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সংসদ সদস্য হবার আজ স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদের কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে আনন্দের কথা হলো, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।