চট্টগ্রামে প্রধান বিচারপতি

আদালত ঘাটতি পূরণে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের যেখানে আদালত ঘাটতি রয়েছে তা পূরণে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। সরকার আদালত প্রতিষ্ঠা করবে। আমার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন সব ধরনের সহযোগিতা করা হবে।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ আয়োজিত বিজয়া সম্মিলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রামে আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন হয়।

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, এ দাবি বহু পুরনো। যৌক্তিক এ দাবি এতদিন কেন পূরণ হলো না, পূর্বসূরিদের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারাঙ্গনের মর্যাদা সমুন্নত রাখার জন্য সম্ভব সব কাজ করা হবে।

প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রদায়গত কোনো বিরোধ নেই। যারা বিরোধ করে তারা প্রকৃতপক্ষে কোনো ধর্মেরই অনুসারী নয়।’

পরিষদের সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষালকে সংবর্ধনা দেওয়া হয়।