নারায়ণগঞ্জের আড়াইহাজারে উন্নয়নের বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা পরিচালনা করায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে দন্ড প্রদান করে এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে আড়াইহাজারের কৃষ্ণপুরা বৌ বাজার এলাকায় ইউএনও ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার জাহাঙ্গীর গত ২২ জানুয়ারি থেকে উন্নয়নের বিজয় মেলা চালু করেন। মেলার শুরু থেকে সেখানে জুয়া খেলা ও অশ্লীল নৃত্য আয়োজন করে আয়োজকরা। স্থানীয়রা বারবার প্রতিবাদ করলেও এসব বন্ধ হয়নি। স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করে। বৃহস্পতিবার রাতে ইউএনও ইশতিয়াক আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মেলা বন্ধ করে দেওয়া হয় এবং চার নর্তকী ও তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে চার নর্তকীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তিন জুয়াড়ির মধ্যে দুজনকে তিন দিনের এবং একজনকে দুই দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো, মজনু শেখ, বাদশা হাওলাদার ও সালাহউদ্দিন।
অভিযুক্ত কমিশনার জাহাঙ্গীর বলেন, আমি মেলা করেছি তা সত্য। তবে মেলায় যে এ ধরনের কর্মকান্ড হতো তা আমার জানা ছিল না।