বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজন আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার রাতে পৌরসভার ঝাউগরা এলাকার একটি বাড়ির ছাদের সিঁড়িসংলগ্ন কক্ষ থেকে সরঞ্জাম উদ্ধার এবং মো. আলী হোসেন (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-১১-এর এএসপি (মিডিয়া অফিসার) সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, আলী হোসেন ঝাউগরা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অভিযানে অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহৃত ২১টি সিমবক্স, ২টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি আইপিএস, ২টি আইপিএসের ব্যাটারি, ২টি ইউপিএস (স্টেবিলাইজার), ২টি রাউটার, ৪টি রাউটার সুইচ, ৩ হাজার ২৬৮ পিস সিমকার্ড, ২০টি বিভিন্ন ধরনের কেবল, ২টি হার্ডডিস্ক, ৩টি র‌্যাম, ১টি মোবাইল ও ৫টি মডেম উদ্ধার করা হয়। আটক আলী হোসেন দীর্ঘদিন ধরে বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবৈধ টেলিযোগাযোগ সেবা দিয়ে যাচ্ছিল।