সুমাইয়ার ঝড়ো ব্যাটে বিশাল পুঁজি বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করা ত্রিদেশীয় সিরিজে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যার ছাপ স্পষ্ট হয়েছে তাদের ব্যাটিংয়ে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টাইগ্রেসরা পেয়েছে বিশাল পুঁজি।

আজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার।

শুরুতে ব্যাটিং করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। ঝোড়ো ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।