বিএনপির কালো পতাকা মিছিল শুরু, নেতাকর্মীদের ঢল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিলে নেতাকর্মীদের হাতে রয়েছে কালোপতাকা, ব্যানার ও ফেস্টুন।

আজ শনিবার (২৭ জানুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইভাবে রাজধানীর পুরানা পল্টন থেকে গুলিস্তান হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পুরো এলাকা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতারা অংশ নিয়েছেন।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।