চলতি বছরের পদ্ম পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সদ্যই। এ বছর ১৩২ জন ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হবে। এরমধ্যে রয়েছে চলচ্চিত্রজগতের তারকাদের নামও। বছরটিতে অভিনেত্রী বৈজয়ন্তীমালা, কোনিদেলা চিরঞ্জীবীকে পদ্মবিভূষণ আর দুই বাঙালি মিঠুন চক্রবর্তী ও ঊষা উথুপকে পদ্মভূষণ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন বলে জানা গেছে।
পদ্মবিভূষণ পেতে যাচ্ছেন মাত্র ১৩ বছর বয়সে তামিল ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করা বৈজয়ন্তীমালা বালি। ৫০–৬০–এর দশকে ভারতীয় চলচ্চিত্র ভুবনে রাজত্ব করেছেন তিনি। ৮৭ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ে যেমন পারদর্শী ছিলেন তেমনি নাচের মাধ্যমেও দর্শকের হৃদয় জয় করেছিলেন। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘নয়া দৌর’, ‘সাধনা’, ‘মধুমতী’-র মতো অসংখ্য ছবি। এছাড়াও এই সম্মাননার তালিকায় রয়েছে কোনিদেলা চিরঞ্জীবীর নামও। ২০০৬ সালে এই দক্ষিণি মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ১৫০টির বেশি সিনেমাতে অভিনয় করা এই অভিনেতা এবার পাচ্ছেন পদ্মবিভূষণ।
এর বাইরে দুই বাঙালি পাচ্ছেন পদ্মভূষণ। তারা হলেন মিঠুন চক্রবর্তী ও ঊষা উথুপ। আশি ও নব্বই দশকে হিন্দি সিনেমার দুনিয়ায় রাজত্ব করেছেন মিঠুন। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ দিয়ে অভিষেক। এরপর ‘ডিস্কো ডান্সার’, ‘কমান্ডো’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘গুলামি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্যায়ার কা মন্দির’, ‘ঘর এক মন্দির’সহ আরও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই বলিউড সুপারস্টার।
অন্যদিকে ঊষা উথুপ ভারতের প্রথম পপ তারকা। মাত্র ৯ বছর বয়সে তিনি প্রথম পারফরম্যান্স করেছিলেন। ক্যারিয়ারের শুরুতে নাইট ক্লাবে গান গাইতেন। তার গায়কীতে মোহিত হয়েছিলেন প্রয়াত বলিউড অভিনেতা তথা চিত্রনির্মাতা দেব আনন্দ। তিনি ঊষাকে তার সিনেমা ‘বোম্বে টকিজ’-এ গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রথমবার তিনি কোনো সিনেমার জন্য গান গেয়েছিলেন। হিন্দি, ইংরেজি ছাড়া বাংলা, গুজরাটি, মারাঠি, ডোগরিসহ আরও ১৬টি ভাষায় গান গেয়েছেন ঊষা।