৩০ জানুয়ারি সংসদ প্রতিহতের ঘোষণা জয়নুল আবেদীন ফারুকের

আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

তিনি বলেছেন, সরকার বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবে। আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবে, মামলা করে জেলে দেবে। এগুলো সহ্য করা হবে না। তাই ৩০ তারিখ যে সংসদ হবে, বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের কার্যালয়ের সামনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির তিনি এ হুঁশিয়ারি দেন।

জয়নুল আবেদীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ মেনে নেয়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। ২০১৪ সালে আওয়ামী লীগ অটো পাস করেছে। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন করেছে। আর ২০২৪ সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছে।

তিনি নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, আপনি জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছে। আর ৩০০ জন নাকি ৩০ তারিখ পর্যন্ত বলবৎ আছে। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত হয়েছে। আর এবার ২০২৪ সালে নির্বাচিত হয়েছে নাবালক শিশুর ভোটে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।