পাকিস্তানকেও হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করা ত্রিদেশীয় সিরিজে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যার ছাপ স্পষ্ট হয়েছে তাদের ব্যাটিংয়ে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টাইগ্রেসরা পেয়েছে ২৩ রানের জয়।

আজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতেই তারা তুলে ৫১ রান। সামিয়া আফসার ২৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর ফিরে যান আরেক ওপেনার এইমান ফাতিমাও, তিনি করেন ৪৩ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা শুধু যুক্ত ছিলেন যাওয়া-আসার মিছিলে।

বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া ইরা দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন ও ফারিয়া আক্তার।