ধানক্ষেতে মিলল নবজাতকের ক্ষত-বিক্ষত মরদেহ

গাজীপুরের কাপাসিয়ায় ধানক্ষেতের পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলীর পাথর ধারা নদীর সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সজল প্রধান জানান, এলাকার এক কৃষক সেতুটির নিচে কৃষি জমিতে কাজ করতে গিয়ে শিয়াল অথবা কুকুরে কামড়ানো ক্ষত বিক্ষত একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটিকে হত্যা করে কেউ ফেলে দেয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া জানান, টোক ইউনিয়নের বীর উজলীর বাজারের পাশে ব্রিজের নিচ থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো পরিচয় পাওয়া যায়নি। নবজাতকের মৃতদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।