অসংখ্য কালজয়ী সিনেমার স্রষ্টা মৃণাল সেনের ‘চালচিত্র’ সিনেমা দিয়ে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন অঞ্জন দত্ত। যার হাত দিয়ে অভিনয়ের শুরু সেই গুরুকে নিয়ে অঞ্জন নির্মাণ করেন সিনেমা ‘চালচিত্র এখন’। এতে মৃণাল সেনের ভূমিকায় অনবদ্য অভিনয়ও করলেন অঞ্জন। সিনেমাটি মুক্তি না পেলেও ঘুরেছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। সেই ধারাবাহিকতায় সিনেমাটি প্রদর্শিত হলো দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। হলো প্রশংসিতও।
সিনেমাটি প্রদর্শিত হওয়ার আগে এটি নিয়ে উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলেন অভিনেতা, নির্মাতা অঞ্জন দত্ত। বললেন, ‘আমার সঙ্গে যখন মৃণাল দা’র পরিচয় হয়, তখন তার বয়স ৫৭ বছর; আর আমার ২৪। তাকে নিয়ে আমি এবং আমার পুত্র নীল নিজেরা খরচা করে এই ‘চালচিত্র এখন’ সিনেমাটা বানিয়েছি। এই সিনেমাটা করতে গিয়ে কারও কাছে আমরা টাকা চাইনি। কারণ আমাদের মনে হয়েছিল, এই সিনেমাটা আমাদের মতো করে এভাবে কেউ করতে দেবে না। তাই আমরা রিস্ক থাকা সত্ত্বেও করেছি।’
মৃণাল সেনের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক থাকলেও কখনোই অঞ্জনের কোনো সৃষ্টিতে আলাদা করে জায়গা পাননি মৃণাল। অঞ্জন দত্ত বলেন, আমার কোনো গানে, আমার কোনো সিনেমায় এবং আমার কোনো থিয়েটারে মৃণাল সেন আসেননি। কেন আসেনি আমি জানি না। তিনি এতই ব্যক্তিগত, দূর থেকে তাকে দেখতে আমার অনেক সময় লেগেছিল। দূর থেকে না দেখলে আমি কী করে তাকে নিয়ে সিনেমা করব!
এ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মৃণাল সেনকে আমি মহান ব্যক্তি হিসেবে দেখি না। মানুষ হিসেবেই দেখি। সেটা আমার কাছে খুব বড় পাওয়া। সময় লাগল তাকে দূর থেকে দেখতে। তার একশো বছরে আমি এই সিনেমাটা করেছি।’
পৃথিবীর সিনেমা দেখার দরজা খুলে দিয়েছিলেন মৃণাল, ‘সেটা বলতে গিয়ে এদিন অঞ্জন বলেন, মৃণাল সেন না থাকলে আমি সিনেমায় আসতে পারতাম না। তিনি আমার পৃথিবীর সিনেমার দরজাটা খুলে দিয়েছিলেন। আমার সিনেমা করার কোনো ইচ্ছে ছিল না। উনি প্রায় জোর করে আমায় ঢুকিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে উনার সহকারী হলাম, অভিনেতা তো হলামই, উনার গল্প লিখতাম, স্ক্রিনপ্লে, উনার এক্সকিউটিভ প্রডিউসার হলাম, বন্ধু হলাম। শেষ সিনেমা অবধি অনেক বছরের সম্পর্ক তার সঙ্গে।’
‘চালচিত্র এখন’ প্রসঙ্গে অঞ্জন বলেন, এই সিনেমাটি শুধু মৃণাল সেন কিংবা আমার গল্প নয়। আমার মনে হয়, এটি দুটো প্রজন্মের গল্প। যে প্রজন্ম দুটি আলাদা, ভিন্ন কিন্তু তারা অনেকদিন একসঙ্গে চলতে পারে। জেনারেশনের বাধা টপকে, বয়সের তফাৎ এড়িয়ে দুটো মানুষ কাছে আসতে পারে। সেটা স্পোর্টসম্যান হতে পারে, মিউজিশিয়ান হতে পারে ‘চালচিত্র এখন’ এর ক্ষেত্রে সেটা অঞ্জন দত্ত ও মৃণাল সেন।