ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে থেকে সুটকেসে বন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, শনিবার ভোরে রাজবাড়ী রাস্তার মোড়ের দিক থেকে মাহিন্দ্র করে বোরকা পরা এক নারী সুটকেস নিয়ে নতুন বাসস্ট্যান্ডে নামেন। এরপর চার থেকে পাঁচজন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে সুটকেসটি নামায়। এরপর সুটকেসটি গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে একটি লাইটপোস্টের নিচে রেখে ওই নারী ঢাকার একটি পরিবহনে চলে যান।
দীর্ঘক্ষণ সেই সুটকেসটি ওইখানে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সুটকেসটি উদ্ধার করে। পরে তালা ভেঙে ভেতরে এক যুবকের লাশ দেখতে পায়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, লাশটির পরিচয় এখনো জানা যায়নি। অজ্ঞাত পরিচয় যুবকের বয়স অনুমানিক (৪৫) বছর।