ঝুঁকিপূর্ণ রাস্তায় দুর্ঘটনার কবলে নোবিপ্রবির বাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির নয়নতারা নামের একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

আজ রবিবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসাটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাইরে চলে যায়। এসময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন।

গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাইরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।

নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা লোক পাঠিয়েছি। সার্বিক দিক বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেব।

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিল সে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাইরে নামিয়ে দেয়। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নেব এবং রাস্তাটি সংস্কার করতে আমরা কর্তৃপক্ষকে অবহিত করব।