বার্তা পাঠালেন মাইকে, হাস্যরস সামাজিক মাধ্যমে

ব্রিসবেনে চলছে উইন্ডিজ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। যে লড়াই পরিচালনায় আছেন বাংলাদেশি আম্পায়ার শরফৌদ্দলা ইবনে শহীদ সৈকত। এই টেস্টে আবার মজার এক কাণ্ড ঘটিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাভেম হজ। স্টাম্প মাইকে টিভি আম্পায়ারের কাছে বার্তা পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের হাস্যরসে খোরাক জুগিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে শনিবার ম্যাচের পানি বিরতির সময়। তখন এক মাঠকর্মী স্টাম্পের বেল পরিবর্তন করছিলেন। সতীর্থরা যখন পানি পানে ব্যস্ত, তখন হঠাৎ সেখানে মাঠকর্মীর দিকে এগিয়ে যান হজ। সেখানে গিয়ে ২৫ বছর এই ক্রিকেটার টিভি আম্পায়ারের উদ্দেশে কথা বলতে থাকেন। যা শুনে মাঠকর্মীও হাসি থামাতে পারেননি।

স্টাম্পের মাইকে হজ বলছিলেন, ‘টিভি আম্পায়ারকে বলছি, আমরা আপনার কাছে (স্টাম্পের) বেল পরিবর্তনের রিভিউ (আবেদন) করছি। আমাদের জন্য সেরা বেল দিন, যেটি দেখতে সুন্দর ও ভালো মনে হবে।’

মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা হজের এই আচরণে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।