নিজেকে ফিরে পেতে সালাহউদ্দিনের শরণাপন্ন সাকিব

চোখের সমস্যা ভোগাচ্ছে খুব সাকিব আল হাসানকে। তিন দেশ ঘুরে ডাক্তার দেখিয়েও হচ্ছে না সমাধান। যে কারণে চলতি বিপিএলে রংপুর রাইডার্সে তিনি খেলছেন শুধুই একজন বোলার হিসেবে। গতকাল তো ব্যাট করতেই নামেননি তিনি। তবে নিজেকে অলরাউন্ডার রূপে ফিরে পেতে মরিয়া এই ক্রিকেটার। তাই তো গতকাল ম্যাচের আগেরদিন চলে এসেছিলেন মাঠে। আজ ছুটে যান নিজের গুরুর কাছে।

আজ রবিবার ছিল রংপুরের ঐচ্ছিক অনুশীলন। সবাই মাঠে না এলেও যে কজন এসেছিলেন, তাদের একজন সাকিব। শুধু তাই নয়, এদিন নিজেকে ফিরে পেতে রংপুরের কোচ সোহেল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শরণাপন্ন হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গুরু মোহাম্মদ সালাহউদ্দিনের শরণাপন্ন সাকিব। ছবি: দেশ রূপান্তর

দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন সাকিব। শুরুতে তিনি আনসার ক্যাম্পে অনুশীলন সারেন। এরপর চলে যান আউটার স্টেডিয়ামে। সেখানে প্রায় ৪০মিনিটের বেশী ব্যাটিং করেন। বেশ কয়েকজন বোলার, নেট বোলার এমনকি থ্রোয়ার নিয়ে চলে তার এমন অনুশীলন। এখানেই থামেননি সাকিব। এরপর অপরপাশে রংপুরের নেটে গিয়ে আবার ব্যাটিং করেন তিনি, সে সময় কুমিল্লার কোচ সালাহউদ্দিন আসেন নেটে। সঙ্গে ছিলেন সোহেল ইসলাম। দুই কোচের সঙ্গে দীর্ঘসময় আলোচনাও করেন এই অলরাউন্ডার।

ব্যাটিং অনুশীলনে সাকিব। ছবি: দেশ রূপান্তর

ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে নেটে দাঁড়িয়ে ক্যাচিং করে চোখের সমস্যা দূর করার চেষ্টায় ছিলেন সাকিব। তা ছাড়া একাধিক স্টান্সে তিনি বার বার সমস্যা দূর করতে সমাধান খুঁজেছেন রংপুরের এই ক্রিকেটার। এক পর্যায়ে তিনি ব্যাটিং করেছেন ডানহাতি হিসেবেও। একটু বিরতি দিয়ে আবার খুলনা টিমের সাথে ফুটবল খেলেন সাকিব। নিজেকে ফিরে পেতে চেষ্টার কোনো কমতি  রাখছেন না এই অলরাউন্ডার।