কোরিয়ানদের ‘চক্ষুশূল’ জার্মান কিংবদন্তি ক্লিনসম্যান

দক্ষিণ কোরিয়া নকআউট পর্বে তুলেছেন দেশটির কোচ ইয়ুর্গেন ক্লিনসম্যান। তবুও পিছু ছাড়ছে না সমালোচনা। তার ট্যাকটিকস থেকে শুরু করে হাসির জন্যও হয়েছেন সমালোচিত। এমনকি খেলোয়াড় হিসেবে বদনাম শুনতে হয়েছে বরে জানিয়েছেন দেশটির অধিনায়ক টটেনহাম তারকা সন হিউং মিন।

৬৪ বছরের মধ্যে প্রথম শিরোপার লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এশিয়ান কাপে তাদের শুরুটা হয় খুবই নড়বড়ে। বাহরাইনের সঙ্গে ৩-১ গোলে প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচই ড্র করে দেশটি। জর্ডানের সঙ্গে ড্র মেনে নিলেও সমর্থকরা মানতে পারেননি র‌্যাংকিংয়ে ১৩০ এ থাকা মালয়েশিয়ার সঙ্গে ড্র।

ওই ম্যাচের পর সন বলেন, ‘মাত্রা ছাড়িয়ে যাওয়া তিরস্কার শুনতে হয় আমাদের খেলোয়াড়দের। ছেলেদের এমন অব্স্থায় দেখাটা খুবই দুঃখের। তবে সব ছাপিয়ে সমালোচনার তীরের ফলা যেন জার্মান কিংবদন্তির দিকেই। দেশটির সংবাদপত্র জুংঅ্যাঙ্গ ইলবো সংবাদ করে ‘কোরিয়ার ফুটবলের জন্য লজ্জার দিন’ শিরোনামে।

খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ জেতা ক্লিনসম্যানকে কোরিয়ান সমর্থকরা ‘ঘৃণা’র সঙ্গে দেখে জানিয়ে ফুটবল লেখক হং জাই-মিন এএফপিকে বলেছেন, ‘ক্লিনসম্যান সবসময় হাসতেই থাকেন; জিতুক, হারুক কিংবা মালয়েশিয়ার মতো দেশের সঙ্গে ড্র করলেও হাসেন। কোরিয়ার জনগণ তাকে অপছন্দ করে এবং তাকে সাপোর্টও করে না।’

ক্লিনসম্যানের নেতৃত্বগুণের অভাবের কারণেই এশিয়ান কাপে কোরিয়ার এমন দশা বলে মনে করছেন সমর্থকেরা।