শাড়ি নিয়ে ৯২ বছরের সেই কামবালার বাড়িতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

‘বেটা তুই মোর বাড়িত আইচ্চি, মুই খুব খুশি হইচু, মোর ঘড়ত বসিবার জায়গা নাই, আগিনাত বস। মোড়তায় এত কিছু আনিবার কি দরকার ছিলো।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে কাছে পেয়ে এমন কথা বলেছেন ৯২ বছর বয়সী শ্রীমতি কামবালা।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার সময় বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে শ্রীমতি কামবালা ভীড় উপেক্ষা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই সময় ১০ টাকার একটি নোট উপহার দেন এবং এই টাকা নির্বাচনে ব্যয় করার কথা বলেন। এর বাইরে অন্যদের কাছেও নৌকার পক্ষে ভোট চান। 

নির্বাচনের পরে প্রথমবার বাড়িতে ফিরেই রবিবার সকালে সেই কামবালার গ্রামের বাড়ি গোদাবাড়ীতে যান প্রতিমন্ত্রী। তাকে দেখে কান্না রুখতে পারেননি তিনি। নৌপ্রতিমন্ত্রী তার জন্য শাড়ি, শীতের পোশাক সোয়েটার ও কামবালার বাধাই করা দুটি ছবি উপহার দেন।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি নির্বাচনের আগে এই এলাকায় একটি পথসভায় যখন আসলাম, তখন হাজার হাজার মানুষের ভীড় উপেক্ষা করে কামবালা আমার কাছে পৌঁছান। আমার সঙ্গে দেখা করে তিনি একটি দশটাকার নোট উপহার দিয়ে আমাকে বলেন, নৌকায় ভোট দিতে এবং এই দশ টাকা নির্বাচনের খরচ হিসেবে কাজে লাগাতে। 

তিনি আরও বলেন, তিনি হচ্ছেন এই নির্বাচনে সবচেয়ে পবিত্র এবং দামি ভোটার। এই রকম একজন মানুষ যখন একজন প্রার্থীকে আর্শীবাদ দেয়, তখন সৃষ্টিকর্তা তার দিকে চোখ তুলে তাকায়। তিনি বঙ্গবন্ধু, নৌকাকে ভালোবেসে নব্বই বছর বয়সেও নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। সত্য এবং সুন্দরের জন্য কোন কিছু আটকায় না, এটা কামবালা প্রমাণ করেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।’