গ্রামের সমস্যা সমাধানে নতুন ধারণা প্রয়োজন: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রামের মানুষকে সংগঠিত করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে নতুন নতুন ধারণা খুঁজে বের করতে হবে। রবিবার (২৮ জানুয়ারি) পল্লী উন্নয়ন একাডেমি সমূহের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের চেষ্টা করেছেন। গ্রামের ৬১% মানুষের ভাগ্য উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলো গবেষণার মাধ্যমে নীতি ও তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাছাড়াও তিনি গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমিগুলোর আরও ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের কুমিল্লার বার্ড মডেল।

এর আগে দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন যৌক্তিক দাবি পূরণে সরকার সচেষ্ট রয়েছে। তবে তা যতটুকু বাস্তবায়ন সম্ভব তা বিবেচনায় নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বিভিন্ন প্রকল্পে অর্থায়ন যেন সঠিক কাজে লাগে তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন।