গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও মিসর। রবিবার (২৮ জানুয়ারি) কায়রোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির বৈঠকে এ আহ্বান পুনর্ব্যক্ত করে দুই দেশ।
আল অ্যারাবিয়া ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এদিন দুই দেশের রাজনৈতিক পরামর্শ কমিটির ষষ্ঠ বৈঠকে অংশ নিতে ভোরে কায়রো পৌঁছান সৌদি যুবরাজ। পরে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও আচরণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। বলেন, সৌদিসহ আরব দেশগুলো ফিলিস্তিনি জনগণকে রক্ষায় চাপ অব্যাহত রাখবে।
সৌদি যুবরাজ ফয়সাল বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি এবং তারা যে সম্মিলিত শাস্তি দেওয়ার পন্থা অবলম্বন করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থাকা উচিত।
এ সময় মিসরের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের জন্য তহবিল স্থগিত করার সমালোচনা করেন। সামেহ শউকরি বলেন, এটি ফিলিস্তিনিদের জন্য একটি সম্মিলিত শাস্তি।
এর আগে শুক্রবার ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ রায়কে ‘আপত্তিকর’ ও ‘বৈষম্য’ বলে অভিহিত করেছেন।