নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এসএলসিকে নজরে রেখেছিল আইসিসি। এই সময়ের ব্যবধানে লঙ্কান বোর্ডের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে আইসিসি। তার ফলশ্রুতিতেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো আইসিসি।
গতবছরের ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল। এর আগে বিশ্বকাপ ব্যর্থতার কারণ দেখিয়ে এসএলসির সকল সদস্যকে বরখাস্ত করেন দেশটির তখনকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। অবশ্য ২৭ নভেম্বর রোশানকেই সরকারের মন্ত্রীসভা থেকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
নতুন ক্রীড়া মন্ত্রী হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেন হারিন ফার্নান্ডো। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসির প্রতি আহ্বানও জানান তিনি। বাকি সময়ে আর কোনো নিয়ম লঙ্ঘন না করার ফল হিসেবে এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো দেশটির ক্রিকেট বোর্ডের ওপর থেকে।