বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড এবার অর্জন করেছে ‘আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৪’। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির আয়োজনে সারাবিশ্বের বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের আয়োজনে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশের ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ইস্পাহানি টি লিমিটেডকে আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড—এর ২৪তম আসরে ‘ক্রীড়া ও শিক্ষা’ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
২৪তম মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় কলকাতার সেন্ট জেমস অডিটরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইস্পাহানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি। তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেন ফাদার জয় ডি সুজা (রিজিওনাল এডুকেশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম)।
এ সময় মির্জা আহমেদ ইস্পাহানির হাতে তুলে দেয়া হয় একটি মানপত্র, মাদার তেরেসার ছবিসহ একটি স্মারক এবং উত্তরীয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ডক্টর টি এইচ আয়ারল্যান্ড ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কনস্যুলার আলমাস হোসেন এবং প্রেস সচিব রঞ্জন সেন। এছাড়াও ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানির মহাব্যবস্থাপক ওমর হান্নান।
ইস্পাহানি গ্রুপ তার সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। তাই শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ইস্পাহানি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।