এবার শিকার টেইলর সুইফট

গত বছর থেকে ডিপফেক ভিডিওর শিকার রাশমিকা মান্দানা, কাজল, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা। ডিপফেকের ফাঁদে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। এবার পপ তারকা টেইলর সুইফটের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে।

‘এক্স’ (টুইটার)-এর পাতায় টেইলরের যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে, সেই ভিডিও ইতিমধ্যে দেখেছে ৪৭ হাজারেরও বেশি নেটিজেন। শুধু তাই-ই নয়, টেইলরের সেই কুরুচিকর ভিডিও রিপোস্টও করা হয়েছে প্রায় ২৪ হাজার বার।

ভিডিও ছড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছে একাধিক অ্যাকাউন্টও। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার আগে প্রায় ১৭ ঘণ্টা ধরে সমাজমাধ্যমের পাতায় ছিল ওই ডিপফেক ভিডিও। তবে চুপ করে বসে ছিলেন না টেইলরের অনুরাগী, তথা ‘সুইফটি’রাও। সুইফটিরা খুঁজে বের করেছেন এমন এক নেটাগরিককে, যিনি টেইলরের ডিপফেক ছবি সমাজমাধ্যমের পাতায় প্রথম বার শেয়ার করেছিলেন। স্বাভাবিকভাবেই, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুইফটিরা। তবে, পিছু হটতে রাজি নন সেই অভিযুক্তও। সমাজমাধ্যমের পাতায় একটি টুইট করে তিনি জানিয়েছেন, তিনি নাকি আদপে ‘জোকার’-এর মতো। তার না আছে কোনো নাম, না আছে কোনো ঠিকানা। অভিযুক্তের আরও দাবি, সুইফটিরা যতই ক্ষমতাশালী হোন না কেন, তারা নাকি কোনো ভাবেই তার নাগাল পাবেন না। এখনো এই বিষয়ে মুখ খোলেননি পপ তারকা টেইলর নিজে।