‘৩০ জুন চলে যাচ্ছি। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সেলোনার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’ লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর এই কথা বলেছেন জাভি হার্নান্দেজ। লিগে মৌসুমের তৃতীয় হার, সব মিলিয়ে টানা দুই ম্যাচ হারে শীর্ষের রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পেছনে পড়ল বার্সেলোনা। বাকি ১৭ ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল তাদের জন্য। কদিন আগে রিয়াল মাদ্রিদের কাছে সুপার কাপ ফাইনাল হেরেছে। এর কয়েকদিনের মধ্যে কোপা দেল রেতে আতলেতিক বিলবাওয়ের কাছে হেরে যায় বার্সা।
শনিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল করেছিল বার্সা। তবে নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে এবং যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে জাভির দল। লা লিগাতে ১৯৬৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল হজম করল বার্সেলোনা। শুধু তাই নয়, ১৯৫১ সালের পর আবারও টানা দুই ম্যাচে চার বা তার বেশি গোল হজম করল তারা।
বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে বহু সাফল্য পেয়েছেন জাভি। ২০২১-এর নভেম্বরে বার্সার কোচ হন জাভি। গেল মৌসুমে দলকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে এলো এমন সিদ্ধান্ত। জাভি কথা বলেছেন গণমাধ্যম নিয়েও। ম্যাচ শেষে আরও বলেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। বাজে আচরণের শিকার হবেন। আপনারা দেখবেন কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গে হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।’ বিষয়টি এমন নয় যে, এই হারে জাভি এমন সিদ্ধান্ত নিয়েছেন। জাভি নাকি তার সিদ্ধান্ত কিছুদিন আগেই নিয়েছেন। বোর্ড সভাপতিকেও জানিয়েছেন। , ‘এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না। আমি সবচেয়ে বেশি দায়ী। আমি এই সিদ্ধান্ত কিছু সময় আগে নিয়েছি। এখন এটা শেষ। আমি লাপোর্তাকে ধন্যবাদ দিতে চাই। এটা শেষ। হ্যাঁ আমি চেষ্টা করেছি।’