নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু

দেশে নিপাহ ভাইরাসে চলতি বছরে প্রথম একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার মানিকগঞ্জে ৩৫ বছর ঊর্ধ্ব এক পুরুষ মারা গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন গতকাল রাতে নিপাহ ভাইরাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, মানিকগঞ্জে মারা যাওয়া ব্যক্তি খেজুরের কাঁচা রস খেয়েছিলেন।

আইইডিসিআরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, নিপাহ ভাইরাসের একটা কেস ছিল ও তিনি মারা গেছেন। এটাই এ বছরে নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যু। মারা যাওয়া রোগীর নমুনা পরীক্ষা করে নিপাহ পজিটিভ এসেছে। এই রোগীর খেজুরের কাঁচা রস খাওয়ার ইতিহাস আছে।

দেশে ২০০১ সালে প্রথমবারের মতো শুধু মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়। পরে গত ২৩ বছরে দেশের ৩৪ জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩৯ জন ও মারা গেছে ২৪০ জন। তাদের মধ্যে গত বছর আক্রান্ত হয়েছিল ১৪ ও মারা গেছে ১০ জন। অর্থাৎ মৃত্যুহার ৭১ শতাংশ। এ বছর প্রথম রোগীর মৃত্যুর মধ্য দিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪০ ও মৃত্যু ১৫ জনে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শ ম গোলাম কায়ছার দেশ রূপান্তরকে বলেন, কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কোনোভাবেই খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না।