সাতক্ষীরা কারাগারে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি মৃত্যবরণ করেন।
কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে।
কয়লা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আহাদ জানান, আব্দুস সাত্তার (৬০) কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। সাত্তার ২ ছেলে-মেয়ের পিতা।
জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আবুল বাশার জানান, আসামি আব্দুস সাত্তার রাতে বুকে যন্ত্রণা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাত্তার মারা যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রাত ৮টা ১০ মিনিটে রোগীকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।