পোপকে টুপিখোলা ধন্যবাদ দ্রাবিড়ের

হায়দরাবাদ টেস্টে ভারতের কাছ থেকে জয়টা যেন ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। এমন পরাজয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ওলি পোপের। তার রিভার্স সুইপে ঘরের মাঠেই দিশাহারা হয়ে উঠেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। তাই ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস ইনিংস মুগ্ধ করেছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে।

এক পাশ আগলে রেখেই সফরকারীদের রানের চাকা সচল রাখেন পোপ। এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১৯৬ রান। ইনিংস জুড়ে ২১ চারের মার ছিলো পোপের। যেখানে একের পর এক রিভার্স সুইপ শট খেলেছেন তিনি। সংবাদ সম্মেলনে পোপকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন দ্রাবিড়।

পোপের রিভার্স সুইপ খেলার দক্ষতা নিয়ে দ্রাবিড় বলেন, ‘আমি অবশ্যই এত ধারাবাহিকভাবে (রিভার্স সুইপ) খেলতে দেখিনি। সুইপ এমন একটি শট, যেটি আমরা আগেও খেলতে দেখেছি। কিন্তু এতটা সময় ধরে এতটা ধারাবাহিকভাবে রিভার্স সুইপ খেলা...তাকে টুপিখোলা ধন্যবাদ দিতেই হবে। আমি শুধু তার সঙ্গে হাত মিলিয়ে বলতে চাই, অবিশ্বাস্য রকম ভালো খেলেছ। দারুণ ইনিংস।’

এদিকে সিরিজ শুরুর আগে থেকেই আলোচনা ছিল ভারতের স্পিনের সামনে টিকতে পারবে কিনা ইংলিশ ব্যাটাররা। অবশ্য হয়েছেও তাই। আশ্বিনদের সামনে ভেঙে পরেছিল দলটির ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিঙ্গে ২৭ রানে পিছিয়ে থাকার সময় পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু সেই স্পিনারদের নাস্তানাবুদ করেন পোপ। নিজের বিশ্বসেরা বোলারদের বিপক্ষে এভাবে খেলতে দেখে বেশ অবাক হয়েছেন দ্রাবিড়।’

পোপের ইনিংসে অবাক হয়ে দ্রাবিড় বলেন, 'সুইপ কিংবা রিভার্স সুইপের এমন প্রদর্শনী, এর আগে এই কন্ডিশনে দেখিনি, তাও আবার এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষে।’

তবে নিজের বোলারদের ওপর আস্থা আছে ভারতীয় কোচের। তিনি বলেন, ‘আমাদের স্পিনারদের একটি ভালো ব্যাপার হলো, তারা সব সময় ঘুরে দাঁড়ায়।’