ফিল্মফেয়ার অনুষ্ঠানে ব্যারিকেড ভেঙে পড়ল কার্তিকের গায়ে!

নতুন স্পোটর্স ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ান’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন কার্তিক আরিয়ান। সাধারণতন্ত্র দিবসেই সেই সিনেমার লুক শেয়ার করেছিলেন। আপাতত সিনেমাটির শুটিং করছেন তিনি। এর ফাঁকেই রবিবার গুজরাটের গান্ধীনগরে পৌঁছে গেলেন ফিল্মফেয়ার অনুষ্ঠানে যোগ দিতে। আর সেখানে কার্তিক আরিয়ানকে কাছে পেয়ে ভক্তদের এমন অবস্থা যে নিরাপত্তাবলয়কে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে আছড়ে পড়লেন তার গায়ে!

ফিল্মফেয়ারের মজলিশ যখন জমে উঠেছে, তখনই ঘটে এ দুর্ঘটনা! কার্তিককে দেখে ভক্তদের উচ্ছ্বাস যেন বাঁধ মানতে চাইছিল না। বহু অপেক্ষার পর যখন বলিউড তারকার দর্শন পেলেন তাদের উন্মাদনা যেন তুঙ্গে উঠেছিল। কোনও কিছুর তোয়াক্কা না করে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে পড়লেন সব। মাত্র দু হাত দূরে দাঁড়িয়ে তখন কার্তিক যেন কিংকর্তব্যবিমূঢ়! কী করবেন, বুঝতে পারছিলেন না। আর সেই মুহূর্তের ভিডিওই ভাইরাল নেটপাড়ায়।

ভিডিও দেখেই কার্তিক আরিয়ানের অনুরাগীরা তার জন্য উদ্বিগ্ন। সেই ঘটনার পর কেমন আছেন অভিনেতা? জানা গেছে, ‘চান্দু চ্যাম্পিয়ান’-এর কিছু হয়নি। তিনি ঠিকই রয়েছেন। বরং উন্মত্ত ভক্তদের ঠান্ডা মাথায় সামাল দিলেন তিনি এই ঘটনার পর।

রবিবারই খবর পাওয়া গিয়েছিল যে, এক সড়ক দুর্ঘটনায় আহত দেহরক্ষীর জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন কার্তিক আরিয়ান। এমনকী চিকিৎসার খরচও তিনি নিজেই বহন করেছেন। প্রতিদিন একবার করে হাসপাতালে দেখাও করতে গিয়েছেন কার্তিক আরিয়ান। দেহরক্ষীর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে কড়া নজর ছিল তার। কার্তিকের এমন মানবিকতায় মুগ্ধ ঘনিষ্ঠরা। গ্ল্যামারদুনিয়ার বাইরেও তিনি যে সহৃদয়বান একজন মানুষ, প্রয়োজনে সকলের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এটা আরও একবার প্রমাণ করেছেন অভিনেতা।