ব্রিসবেনে ঐতিহাসিক এক টেস্টের নায়ক বনে যাওয়ার পর প্রশংসায় ভাসছেন উইন্ডিজ ক্রিকেটার শামার জোসেফ। মাঠেই তাকে অভিনন্দন জানিয়েছেন ব্রায়ান লারা। খেলা শেষে তার কাছে ছুটে গিয়ে জার্সি বদল করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও। এবার তাকে নিয়ে বন্দনা শোনা গেল সাবেক অসি অধিনায়ক স্টিভ ওয়াহ’র গলায়ও।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ওয়াহ বলেছিলেন, ‘যদি আইসিসি বা কেউ দ্রুত এগিয়ে না আসে, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকল না। কারণ, আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে টেস্ট (পরীক্ষা) করছেন না।’
আজ ইনস্টাগ্রামে এক পোস্টে তরুণ ক্যারিবীয় পেসারের প্রশংসা করে ওয়াহ লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের মতো কিছুই নেই এবং এই মানুষটিই ক্রিকেটের শুদ্ধতম সংস্করণের ত্রাণকর্তা হতে পারে। খেলায় “সিন্ডারেলা গল্প” দুর্লভ, কিন্তু তরুণ একজনের জন্য এটি ছিল মহাকাব্যিক ব্যাপার। যে একা হাতে ক্যারিবীয় এবং বিশ্বজুড়ে ক্রিকেট অনুসারীদের আবেগ পুনর্জীবিত করেছে। অনেক অভিনন্দন, শামার জোসেফ।’
ওয়েস্ট ইন্ডিজ যে বেশ কয়েক বছর ধরেই টেস্টে পূর্ণ শক্তির দল নির্বাচন করছে না বা করতে পারছে না, এই জানা কথাটাই সবাইকে আবার মনে করিয়ে দিয়েছিলেন স্টিভ ওয়াহ। ওয়েস্ট ইন্ডিজের কথাটা এসেছিল প্রসঙ্গক্রমে, নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকা একেবারে আনকোরা এক দল ঘোষণার পর।
স্টিভ ওয়াহ তখন বলেছিলেন, ‘সমস্যা কী, সেটি মোটামুটি স্পষ্টই। ওয়েস্ট ইন্ডিজ তাদের পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না (অস্ট্রেলিয়ায়)। কয়েক বছর ধরেই তারা পূর্ণ শক্তির দল নির্বাচন করছে না। নিকোলাস পুরানের মতো একজন সত্যিকারের টেস্ট ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট খেলে না। জেসন হোল্ডার, হয়তো তাদের সেরা খেলোয়াড়—এখন খেলছে না। এমনকি পাকিস্তানও পূর্ণাঙ্গ দল পাঠায়নি (অস্ট্রেলিয়ায়)।’
স্টিভ ওয়াহর আশা পূরণ করে শামার জোসেফ টেস্ট ক্রিকেটের ত্রাণকর্তা হতে পারবেন কি না, সময়ই তা বলে দেবে। তবে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে ২৪ বছরের এই তরুণ যে সবচেয়ে আলোচিত নাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ যেমন বলেছেন, ‘শামার জোসেফ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য দারুণ স্মরণীয় মুহূর্ত। আমার মনে হচ্ছে, প্রেক্ষাপটের কারণে এটাই সবচেয়ে স্মরণীয় জয়।’
ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ের সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার লিখেছেন, ‘আমি এমন ফল ভালোবাসি, টেস্ট ক্রিকেটের ভালোবাসার জন্য। সুন্দর।’