ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের ভোট দেওয়ার সময় তিনিসহ অনেকেই মারাত্মক ভুল করেছেন বলে দাবি করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে গত বিশ্বকাপের অর্জন যোগ্যতা হিসেবে ধরা হবে কি না- এ নিয়েই বাধে গণ্ডগোল। এখানেই তিনি ভুল করেন, ভোট দেন ক্রোয়েশিয়ার খেলোয়ার ব্রজোভিচকে।
মার্তিনেজ মনে করেন, একই কারণে অনেকেই গোল পাকিয়েছেন এবং ভুলবশত মেসিকে ভোট দিয়েছেন। সবাই মনে করছিলেন এবারের ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ড উঠতে যাচ্ছে ম্যানসিটি নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের হাতে। তবে অবাক করে দিয়ে হালান্ডের সমপরিমাণ ভোট পান মেসি। প্রথম ভোটের সংখ্যায় এগিয়ে থাকায় সম্মাননা ওঠে মেসির হাতে।
এ বিষয়ে ‘এ বোলা’ কে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেন, ‘এটি একটি ভুল ছিল। আমাদের এখন অনেকগুলো ভোটিংয়ের সঙ্গে জড়িত থাকতে হয়। তবে আমার মনে হয় এটা যোগ্যতার সময়সীমা সংক্রান্ত ভুলের ফলাফল। ব্রজোভিচ ক্রোয়েশিয়ার হয়ে যে নৈপুণ্য দেখিয়েছিল তা অসাধারণ ছিল। আপনি ভোটের ফলাফল দেখলে বুঝবেন, আমি একাই এ ভুল করিনি। আরও অনেকে এ রকমই ভেবেছে।’