নির্বাচন ঘিরে সংখ্যালঘুর ওপর হামলার ঘটনা তদন্ত করবে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনার সরেজমিন তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি।

কমিটির সদস্যদের আগামী ১০ দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায় ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ন-নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, গুরুতর জখম, এলাকা ছাড়ার হুমকিসহ নিপীড়ন নির্যাতন সরেজমিনে তদন্ত করার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, এলবার্ট ডি কস্টা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এস এন তরুণ দে, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি পার্থ দেব মন্ডলকে।