মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীদের গুলিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও বাকিরা নিরাপত্তা বাহিনীর সদস্য। সোমবার (২৯ জানুয়ারি) দেশটির থিনগান নাইনাং শহরে এ ঘটনা ঘটে।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে এক মাসে জান্তার তিনটি হেলিকপ্টার বিধ্বস্ত করেছে বিদ্রোহী গোষ্ঠীরা।
প্রতিবেদনে আরও বলা হয়, জান্তার হেলিকপ্টারটি বিকালে থিনগান নাইনাং শহরে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের হামলার মুখে পড়ে।
হামলায় জড়িত কেএনএলএর মিত্র প্রতিরোধ শক্তি কোবরা কলামের একটি সূত্র বলেছে, তারা মেশিনগান, স্নাইপার রাইফেল এবং অন্য অস্ত্র থেকে জান্তার হেলিকপ্টারে গুলি ছোড়ে। এতে জান্তার একটি পদাতিক ডিভিশনের প্রধান, হেলিকপ্টারের পাইলট এবং নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা নিহত হয়েছে।
জান্তাপন্থী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তবে আহত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।