ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমটিসিএল) বিমানবন্দর ও খিলক্ষেত এলাকার পরিষেবা স্থানান্তর কাজ শিগগিরই শুরু হচ্ছে। গতকাল সোমবার নির্মাতা সংস্থা ডিএমটিসিএলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এই সময়ে বনানী থেকে উত্তরা সড়কে যানজট বাড়বে। সেজন্য ওই সড়কে চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হতে বলা হয়েছে। তবে কবে থেকে কাজ শুরু হবে সে বিষয়ে পরিষ্কার করে কোনো কিছু বলা হয়নি।
জানতে চাইলে এমআরটি-১ প্রকল্পের পরিচালক মো. আবুল কাসেম ভূঞা দেশ রূপান্তরকে বলেন, দেশের প্রথম পাতাল রেলপথ এমআরটি-১। এই প্রকল্পের ডিপোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যান্য প্যাকেজের কাজও শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, প্রথমে বিমানবন্দর ও খিলক্ষেত এলাকার সড়কের পরিষেবা স্থানান্তর কাজ শুরু করা হবে। এরপর ওই এলাকার ভূগর্ভস্থ বা পাতাল মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে। পরিষেবা স্থানান্তর কাজের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই কাজ শুরু হবে।