পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে ১ হাজারের বেশি পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েও পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
আইনজীবীদের তথ্য মতে, ২০২০ সালের মার্চে পরিদর্শিকা পদে ১ হাজার ৮০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি হয়। ৩ বছর পর গত বছরের মে মাসে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ এই পরীক্ষার্থীদের একই বছরের ১৫ মে থেকে ১৮ জুন পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা হয়। কিন্তু লিখিত ও মৌখিক নেওয়া হলেও চলতি মাসের ১৪ জানুয়ারি লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলে তাদের সবার পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার একটি বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি কয়েকজন পরীক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। এর ধারাবাহিকতায় আদালত রুল ও স্থগিতাদেশ দেয়।