সোমালিয়ার পূর্ব উপকূলে এক মাছধরা ট্রলারের ১৯ পাকিস্তানিকে জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌকমান্ডোরা।
গত সোমবার সোমালিয়ার পূর্ব উপকূলে পাকিস্তানি জেলে ও তাদের মাছ ধরার জাহাজটিকে অপহরণ করে জলদস্যুরা। তাদের উদ্ধারে এগিয়ে যায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা।
আজ মঙ্গলবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ভারতের নৌবাহিনী জানিয়েছে, গত ৩৬ ঘণ্টার মধ্যে জলদস্যুদের বিরুদ্ধে এটি ছিল তাদের দ্বিতীয় অভিযান।
ইরানের পতাকাবাহী মাছ ধরার ট্রলার এফভি নাইমিতে করে আরব সাগরে মাছ ধরছিল ১৯ পাকিস্তানি জেলে। ১১ জন সশস্ত্র জলদস্যু তাদের ট্রলারটিতে উঠে সবাইকে জিম্মি করে। এরই এক পর্যায়ে আইএনএস সুমিত্রা ট্রলারটিকে আটক করে জিম্মি সব নাবিককে ছেড়ে দিতে বাধ্য করে।
এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘২৯ জানুয়ারি, সোমবার বিকালে ঘটনা নাগালের বাইরে চলে যাওয়ার আগেই সুমিত্রা দ্রুত সাড়া দিয়ে ধাওয়া করে মাছধরা ট্রলারটি আটকায়। যুদ্ধজাহাজের হেলিকপ্টার ও নৌকাগুলো ট্রলারটি ঘিরে ফেলে এবং এর ক্রু ও জলযানটিকে নিরাপদে মুক্ত করে।’
ভারতীয় নৌবাহিনীর সেনারা ট্রলারটিতে উঠে তল্লাশি চালায়, ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে ও জলদস্যুদের আটক করে।
এর আগের দিন রবিবার ইরানের পতাকাবাহী আরেকটি মাছধরা ট্রলার এফভি ইমামের বিপদ সঙ্কেতে সাড়া দিয়েছিল আইএনএস সুমিত্রা। এই জলযানটিকে সোমালি জলদস্যুরা ছিনতাই করেছিল। এই ট্রলারের ১৭ জন ইরানি ক্রুকেও নিরাপদে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।