এসিসি না আইসিসি, মনোযোগের কেন্দ্রে জয় শাহ

ইন্দোনেশিয়ার বালিতে আগামী দুই দিন ধরে চলবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। দুদিনের এই সভার জন্য সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বালিতে আসছেন। আসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ও এসিসি প্রেসিডেন্ট জয় শাহ। নানাবিধ কারণেই সবার আগ্রহ নিবদ্ধ জয় শাহের দিকে। দুদিনের এজিএমে নেওয়া হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ব্রডকাস্টিং রাইট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়। ঠিক হবে আগামী এশিয়া কাপের স্বাগতিক দেশ। দুই বছর পরপর পরিবর্তন হয় এসিসি প্রেসিডেন্টের পদ। দ্বিতীয় মেয়াদে এ দায়িত্ব পালনের জন্য জয় শাহ’র সুযোগ থাকলেও আগামী নভেম্বরে আইসিসির প্রেসিডেন্ট নির্বাচন থাকায় হতে পারে বদলও। জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট নির্বাচন করলে ছেড়ে দিতে পারেন এসিসি প্রেসিডেন্টের পদ।

এ সব কিছু মিলিয়ে এশিয়ার ক্রিকেটে ভবিষ্যত নেতৃত্ব কাঠামো কেমন হবে তার বেশ পরিস্কার ইঙ্গিত পাওয়া যাবে বালিতে দুদিনের এজিএম শেষে। জয় শাহ আইসিসির প্রেসিডেন্ট হলে এন শ্রিনিবাসন ও শশাঙ্ক মনোহরের পর তৃতীয় ভারতীয় হিসেবে অলঙ্কৃত করবেন এ পদ।