ভোট পাবে না জেনে বিএনপি নির্বাচন বর্জন করেছে: শেখ পরশ

বিএনপিকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি জানে তাদের জন্য মানুষের শুধু মাত্র ঘৃণাই রয়েছে। তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে। কারণ তারা জানে তাদের মানুষে কোনোদিন ভোট দেবে না। সে অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

শেখ পরশ বলেন, তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশেই যে অগ্নিসন্ত্রাস চালানো হয় তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং তাদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের স্বীকারোক্তি থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেই ন্যাক্কারজনক ঘটনাকালে অগ্নিদগ্ধ ও আপনজন হারা স্বজনদের ব্যাথা এখনো মানুষের মনে দাউ দাউ করে জ্বলে।

শেখ পরশ বলেন, ইতিহাস পর্যালোচনা করে দেখলে বোঝা যায় এদেশে যখনই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্যের সমস্যা সমাধান করে মানুষের জীবনমান উন্নত করা। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখতে হবে। অচিরেই আমরা এই সংকট সমাধান করব।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদব ইসলামইল হোসেন।