শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সন্ধায় উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে বন বিভাগ।
নিহত কৃষক নুর ইসলাম গুরু চরণ দুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে। ওই গ্রামের বাসিন্দারা জানান, কৃষক নুর ইসলাম প্রতিদিনের মতো সকালে তার পালিত গরু পাহাড়ে ছেড়ে দেন। প্রতিদিন বিকেল ৫টার দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান। কিন্তু ওই দিন গরু আনতে গিয়ে আর তিনি বাড়ি ফিরে আসেননি। সোমবার রাত ৮টার দিকে নুর ইসলামের স্বজন ও প্রতিবেশীরা নুর ইসলামের খোঁজে পাহাড়ে যান। পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত দশটার দিকে কৃষক নুর ইসলামের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাংটিয়া রেজ্ঞ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, পাহাড়ে নুর ইসলামের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমি রাতেই সেখানে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি মারা গেছে। গহিন পাহাড়ে হাতি সবসময় অবস্থান করে থাকে।