সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহানারা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট নগরীর কুয়ারপাড়ের শাকিল ওরফে পিচ্চি শাকিল, আল আমিন, আবদুর রহিম, আবদুল ওহাব ওরফে কাইয়ুম, খুলিয়াটুলার সবুজ মিয়া, কলাপাড়ার মিন্টু আহমদ ও কুমারপাড়ার তোফায়েল আহমদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সিলেট নগরীর খুলিয়াপাড়া এলাকার বাসিন্দা তাজুল ইসলাম ২০১৬ সালের ২০ আগস্ট রাতে খুলিয়াটুল এলাকার গরম দেওয়ান মাজারের পাশে খুন হন। এ ঘটনায় তাজুল ইসলামের স্ত্রী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম শানু বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারকার্য শেষে মঙ্গলবার দেওয়া রায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ জনকে খালাস প্রদান করা হয়েছে। দণ্ডিত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের পিপি মফুর আলী বলেন, ‘রায়ে সাতজনকে যাবজ্জীবন দণ্ড এবং ৯ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বাদীপক্ষ চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’