নরসিংদীতে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদীতে দুই ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অভিযানে মনোহরদীর বড়চাপা এলাকার নিউ ইমরান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও পরিবেশ দূষণের দায়ে নগদ ৩ লাখ টাকা ও একই এলাকার মেসার্স শামিম কনন্সট্রাকশনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তা তাৎক্ষনিক আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। 

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মুনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা বলেন, ইটভাটা গুলোতে আমাদের নিয়মিত অভিযানের প্রেক্ষিতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও দূষণের দায়ে তাদের জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।