জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পাওয়া মূলধনি আয়ের ওপর করের বোঝা কমাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরে জমি অধিগ্রহণে কেটে নেওয়া উৎসে করই চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে- এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর সূত্রে জানা যায়, নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী উৎসে কর কেটে নেওয়ার পরও তাদের আবার মূলধনি আয়ের ওপর ন্যূনতম কর দিতে হতো। তবে এখন থেকে কেটে নেওয়া উৎসে করেই চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে। পরে ওই অর্থের ওপর ন্যূনতম কর দিতে হবে না।
আয়কর আইন-২০২৩-এর ১১১ ধারা অনুযায়ী, জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার সম্পত্তির ক্ষেত্রে ৬ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয় এবং এর বাইরের এলাকার ক্ষেত্রে ৩ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হয়। তবে আইনের ১৬৩ ধারা অনুযায়ী উৎসে কর কেটে নেওয়ার পরও আবার ন্যূনতম কর পরিশোধ করতে হবে মূলধনি আয়ের ওপর।