‘কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রঙ নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না।’ শিল্পীদের গায়ের রঙ নিয়ে নেতিবাচক মন্তব্যে হঠাৎ সরব হলেন সামিরা খান মাহি।
সম্প্রতি মাহির একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। যেখানে অভিনেত্রীকে একদম মেকআপ ছাড়া সাদামাটা রূপে দেখা গেছে। ভিডিওটি দেখে অনেকেই মাহির গায়ের রঙ নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কটূক্তিকারীদের কড়া জবাব দিয়েছেন ছোট পর্দার এ অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেন, ‘মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।’